ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরই প্রতিশোধের বার্তা দিয়েছেন তার ছেলে মুজতাবা খামেনি।
বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা।’
শনিবার (১১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।
এর এক দিন আগে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুজতাবা খামেনি।
আলি খামেনির দাফন আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল গত মার্চে। তবে সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে তা স্থগিত করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মুজতাবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।
একই হামলায় মুজতাবা খামেনিও গুরুতর আহত হন। এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









