কক্সবাজার শহরতলীর কলাতলী ঝিরিঝিরি পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রোজিনা আকতার (৩০)। তিনি স্থানীয় আবদুল মজিদের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় রোজিনা আকতার ঘরের ভেতর রাতের খাবার রান্না করছিলেন। ওই মুহূর্তে তাঁর তিন সন্তান পাশের এক আত্মীয়ের বাড়িতে থাকায় তারা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস জানান, বন বিভাগের সরকারি জায়গা দখল করে পাহাড় কেটে সেখানে ঝুঁকিপূর্ণভাবে এই বসতি গড়ে তোলা হয়েছিল। সরকারের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা থাকা সত্ত্বেও তারা ওই স্থানে বসবাস করছিলেন। ঘটনার রাতে বিকট শব্দে পাহাড় ধসে পড়লে আশেপাশের লোকজন ছুটে আসেন। তবে প্রথমে কেউ ভেতরে কেউ চাপা পড়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি।
দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মাটি খুঁড়ে রোজিনা আকতারের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে পুলিশ বিষয়টি জানতে পারে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ দিন ধরে কক্সবাজার জেলায় অবিরাম অতিভারী বর্ষণ চলছে। এর ফলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঘটনায় উখিয়া, কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় এ পর্যন্ত নারী, শিশু ও রোহিঙ্গাসহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। জেলাজুড়ে এখনও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









