নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তান রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয়। আহত হন আরও দুই যাত্রী।
নিহতরা হলেন উপজেলার নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









