পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে চলমান একটি সরকারি সড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় বিশ হাজার ইট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান 'নিপা এন্টারপ্রাইজ' এর পক্ষ থেকে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকালে 'নিপা এন্টারপ্রাইজ' এর পক্ষ থেকে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিরোজপুর (এলজিইডি)’র অধীনে বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কাটাখালী হাট হয়ে চৌদ্দারশী বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় একাধিক আরসিসি বক্স কালভার্ট নির্মাণকাজও অন্তর্ভুক্ত রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক জানান, প্রায় সাত থেকে আট দিন আগে সরকারি উন্নয়নকাজে ব্যবহারের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ ইট চুরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইব্রাহিম খলিল ওই ইটগুলো নিয়ে গেছেন। সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী চুরির কারণে কাজের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে থানায় আবেদন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় রুহুল আমিন জানান, ভোর আনুমানিক ছয়টার দিকে কিছু লোক এসে এলেম উদ্দিন তালুকদার বাড়ির সামনে, রাস্তার পাশে কবরস্থানের কাছে রাখা ইটগুলো নিয়ে যায়। আমরা নিষেধ করা সত্ত্বেও তারা শোনেনি। সরকারি কাজের জিনিস এভাবে নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, “উন্নয়নকাজের সামগ্রী চুরি যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। যারা এই ইট চুরির সাথে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইব্রাহিম খলিলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. রাইসুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। ইট চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক! ইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারের; অফিসের নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, নিপা এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইট চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









