টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়ে ১০০ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। একই সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন।
সোমবার (১৩ জুলাই) সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, “সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। অথচ আগের দিন রবিবার রাত পর্যন্ত পানির উচ্চতা ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল।”
তিনি আরো জানান, “সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট অতিক্রম করলেও, হ্রদে পানির স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।”
এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে **৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে পাঁচটি ইউনিট থেকে উৎপাদন দাঁড়িয়েছে ২০৬ মেগাওয়াট।
উল্লেখ্য, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









