মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু সীমান্তের জিরো পয়েন্টে একটি আধুনিক রেলওয়ে বন্দর স্থাপনের সম্ভাবনা জোরালো হয়েছে।
রবিবার দুপুরে প্রস্তাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কাস্টমস ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকারী দলে ছিলেন সিলেট বিভাগীয় কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইসলামুল হক এবং বিভাগীয় রাজস্ব কর্মকর্তা শ্রাবন্তী আফরোজ। তারা লাতু সীমান্তের জিরো পয়েন্ট, নির্মাণাধীন রেলস্টেশন ও রেললাইন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেললাইন পুননির্মাণ কাজ চলছে। ভারতীয় নির্মাণ প্রতিষ্ঠান কালিন্দি রেল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভারতের আসাম রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই রেলপথের কাজ ইতোমধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। গত ৩০ জুন প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কাজ এখনো চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, লাতু (শাহবাজপুর) এলাকায় একটি রেলওয়ে বন্দর স্থাপন করা হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে এলে কাস্টমস বিভাগের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন শেষে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইসলামুল হক ও বিভাগীয় রাজস্ব কর্মকর্তা শ্রাবন্তী আফরোজ উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের জানান, এখানে রেলওয়ে বন্দর স্থাপনের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশে তারা সম্ভাব্য স্থানটি পরিদর্শন করেছেন। তাদের মতে, এলাকাটি ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। পরিদর্শনের ভিত্তিতে তারা সরকারের কাছে ইতিবাচক প্রতিবেদন দাখিল করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, রেল নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ৫২ বিজিবির লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা।
স্থানীয় সচেতন মহলের অভিমত, লাতু সীমান্তে রেলওয়ে বন্দর স্থাপিত হলে বড়লেখাসহ সমগ্র সিলেট অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং সীমান্তভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে নতুন গতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









