পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কিছু সময় পর বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে থাকা তিনটি ট্রেন বিকল্প পথে গন্তব্যে চলে গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর লাইনচ্যুত বগি রেখে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। ঈশ্বরদী বাইপাসের পরিবর্তে ঈশ্বরদী স্টেশন হয়ে উত্তরাঞ্চলের সব ট্রেন চলাচল করছে। ফলে রেল যোগাযোগ সচল থাকলেও ট্রেনগুলোকে অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে হচ্ছে, যা যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের (পশ্চিমাঞ্চল) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান জানান, ট্রেন চলাচল বন্ধ নেই। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে।
এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









