জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত হয়েছেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জয়পুরহাট অভিমুখী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নুরনবী নিহত হন। এ সময় অটোরিকশার অপর দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত এনামুল হকের মৃত্যু হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









