যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে ফরিদপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী এফডিএফের চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় কবি জসীম উদ্দীন হলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানের শুরুতে ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) দুই দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘মহা কোলাহলে আরম্ভ হলো দিনের মহোৎসব’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। পরে চূড়ান্ত বিতর্ক, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম, জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং ফরিদপুর জজ কোর্টের পিপি গোলাম রাব্বানী ভূইয়া রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি ফাহমিদা মফিজ সৃষ্টি। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম হিমালয়।
ফরিদপুর ডিবেট ফোরাম আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিক, শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশ নেন। টুর্নামেন্ট পর্ব অনুষ্ঠিত হয় সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায়। এতে ফরিদপুরের ২৬টি স্কুল দল, ১২টি কলেজ দল এবং ওপেন বিভাগে ১৬টি দল অংশ নেয়।
উৎসবের দ্বিতীয় দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় ৩২টি স্কুল ও কলেজ এবং ১৬টি ওপেন এপি বিতর্ক দল অংশগ্রহণ করে। পুরো আয়োজনজুড়ে যুক্তি, জ্ঞান ও মননশীলতার চর্চায় মুখর ছিল উৎসব প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, এ উৎসব শুধু প্রতিযোগিতা নয়, দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মিলনমেলা। যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের বিনিময়ের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ বিতর্কচর্চার পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। দুই দশকের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এবারের আয়োজন করা হয়েছে। পল্লিকবি জসীমউদ্দীনের প্রতি উৎসবটি উৎসর্গ করার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সঙ্গে ফরিদপুরের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ দৃঢ় করার প্রত্যাশাও জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









