দীর্ঘ ১৪ বছর পড়াশোনার বাইরে থাকার পর ৩০ বছর বয়সে কলেজে ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন রীতি খাতুন। সংসার, সন্তান ও পরিবারের দায়িত্ব সামলে তার এ সাফল্যে আনন্দিত স্বজন ও এলাকাবাসী। একসময় পড়াশোনায় ফেরায় প্রতিবেশীদের উপহাস শুনলেও এখন প্রশংসায় ভাসছেন তিনি।
রীতি খাতুন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নসিরপুর গ্রামের আব্দুল আলিম মন্ডল বাবুর স্ত্রী। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন।
রীতি ২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১১ সালে বিয়ের পর সংসারজীবনে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তার ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে আবার কলেজে ভর্তি হন তিনি।

সংসারের কাজ ও সন্তানের দেখাশোনার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। নতুন করে কলেজে ভর্তি হওয়ায় প্রতিবেশীদের কাছ থেকে নানা উপহাসও শুনতে হয়েছে তাকে। তবে দমে না গিয়ে কখনো গভীর রাত পর্যন্ত জেগে, আবার কখনো ঘরের কাজ শেষ করে পড়াশোনা করেছেন।
রীতি খাতুন বলেন, প্রতিবেশীরা বলতেন, এই বয়সে কলেজে ভর্তি হয়ে টাকা নষ্ট করে লাভ কী? তাদের উপহাসে কষ্ট পেলেও লক্ষ্য থেকে সরে যাননি। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করতেন, একদিন তারাই প্রশংসা করবেন—এমন প্রত্যয় নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। এ ক্ষেত্রে স্বামীর সহযোগিতা ও শিক্ষকদের উৎসাহ তাকে অনুপ্রাণিত করেছে।
রীতির স্বামী আব্দুল আলিম মন্ডল বাবু বলেন, স্ত্রীর পড়াশোনার আগ্রহ দেখে তাকে কলেজে ভর্তি করান। সংসারের কাজ সামলে তার পড়াশোনার এ সাফল্যে পরিবারের সবাই আনন্দিত।
রীতির শ্বশুর সাইদুর রহমান বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি ছেলের বউয়ের এমন ফলাফলে তারা সবাই খুশি।
প্রতিবেশী আবু নাছের মন্ডল বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর পর পরীক্ষায় অংশ নিয়ে রীতির জিপিএ-৫ অর্জন গ্রামের সবাইকে আনন্দিত করেছে। এ উপলক্ষে গ্রামবাসী মিলে আনন্দ উদ্যাপনের পরিকল্পনা করছেন। প্রয়োজনে চাঁদা তুলে খাসি জবাই করে খাওয়াদাওয়ার আয়োজন করা হবে।
ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে এমন ফল অর্জন প্রশংসনীয়। রীতির অধ্যবসায় ও শিক্ষার প্রতি আগ্রহ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









