এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এ বছর জেলাটিতে পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। তবে গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় এবার পাসের হার কমেছে ৩১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। ২০০৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারই জেলায় পাসের হার সর্বনিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন।
বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে পিরোজপুরের পরেই রয়েছে বরিশাল জেলা। সেখানে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। পুরো বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। সে হিসাবে বোর্ডের গড়ের চেয়ে পিরোজপুরে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট বেশি।
এ বছর জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো নাজিরপুরের দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠান দুটিতে মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, কলেজগুলো নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এ ফলাফল হয়েছে। তবে যে দুটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেখানে শিক্ষকদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলার গত তিন বছরের ফলাফল অনুযায়ী, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ। ২০২৫ সালে তা কমে হয় ৬৪ দশমিক ০৭ শতাংশ। সর্বশেষ ২০২৬ সালে পাসের হার আরও কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









