গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নাছিমা আক্তার (২৭) নামে এক গার্মেন্টসকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার মজনু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা।
নিহত নাছিমা আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামে। তিনি শ্রীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই মাসুম আহমেদ জানান, তিনি একই এলাকায় পৃথক একটি ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করেন। রাত সাড়ে ৩টার দিকে পাশের ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বোনের বাসায় গিয়ে তিনি নাছিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় নাছিমাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুম আহমেদের দাবি, বিয়ের পর প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। তবে পরবর্তীতে সাইদুল মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে নাছিমা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্বামীর হাতেই তাকে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









