বান্দরবানের লামা উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ এনাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরী টার্নিং পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বধুরঝীরি এলাকার বাসিন্দা খালেদা বেগমের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইয়াংছা এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী লামা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বধুরঝিরী টার্নিং পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









