সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পাবনা জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। এ সময় তিনি রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “পাবনায় রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রথযাত্রার নির্ধারিত রুটগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে।’’
তিনি বলেন, ‘‘যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক উৎসব নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
সভায় উপস্থিত সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রথযাত্রা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জেলা পুলিশ জানিয়েছে, রথযাত্রা উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থান ও রথের নির্ধারিত পথজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে, যাতে উৎসব চলাকালে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে অংশ নিতে পারেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









