কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তার স্মরণে আগামীকাল বুধবার (১৫ জুলাই) দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে দিলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, গৃহীত শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গ্রহণের পর শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শামীম কায়সার।
উল্লেখ্য, গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ১৯৯৫ সালে ক্ষমতায় এসে ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতারের নেতৃত্ব দেন।
তার শাসনামলে কাতার জ্বালানি খাতের উন্নয়ন, ব্যাপক অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করে। এ কারণে শেখ হামাদকে আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে বিবেচনা করা হয়।
তিনি বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বাবা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









