শিক্ষার্থীদের আপত্তিকর মন্তব্য ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল পৌর এলাকার নগরজৈলফে বাইপাস এলাকায় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা৷
এতে মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন হয়। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা মন্ত্রীর আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ চেয়ে নানা ধরণের স্লোগান দেন আন্দোলনকারীরা।
এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে পরীক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আলোচনা করেন। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
আন্দোলনকারীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে উল্টো কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার পাশাপাশি আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান। এছাড়াও তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









