সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও আগামী এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মোঃ ময়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী বলেন, আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই পাঠ্যমুখী ও নিয়মিত করতে হবে। কোনোভাবেই যেন শিক্ষার্থীরা মোবাইল ফোন বা অপসংস্কৃতির দিকে ঝুঁকে না পড়ে, সেদিকে অভিভাবকদের কড়া নজর রাখার আহ্বান জানান তিনি। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগত মান বৃদ্ধিতে যেকোনো প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









