কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিল ওই এলাকার লবণচাষি মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু আদিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি, অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









