গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের বাসের চাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন তারা।
সোমবার (৩১ আগস্ট) সকালে ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে বিক্ষোভের সময় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাকওয়া পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীরা একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









