চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ‘এসকুফ’ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত এই সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট থানার হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় এসকুফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে, আজ বুধবার (১৫ জুলাই) রাত ১টার দিকে সোনামসজিদ বিওপির আরেকটি টহল দল শিবগঞ্জ থানার কয়লাবাড়ী গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়। এই অভিযানে সীমান্ত থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় এসকুফ সিরাপ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিগত ৩ মাসে এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ১১ হাজার ৮৮৬ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান দমনে আমাদের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









