ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকার পর স্বস্থি ফিরেছে সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। ঝড়ের তান্ডবে একাডেমির প্র্যাকটিস নেট ও খুঁটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে অনুশীলন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। অবশেষে সেই সংকট কাটিয়ে উঠতে একাডেমির পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ। ঝড়ে নষ্ট হয়ে যাওয়ায় নতুন নেট প্রদান করা হয়েছে সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে। এর ফলে আবারও নিয়মিত অনুশীলনে ফিরতে পারবে নীলফামারীর সৈয়দপুরের ক্ষুদে ও তরুণ ক্রিকেটাররা।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির প্রতিনিধিদের হাতে ১০০/১৪ ফুট আকারের একটি নতুন অনুশীলন নেট আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম আলী রেজা রাজু, ক্রীড়াবিদ মোক্তার সিদ্দিকী, ক্রীড়ানুরাগী এহতেশামুল হক সানিসহ একাডেমির কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়রা।
নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন একাডেমির কোচ ও ক্রিকেটার নওশাদ ও হ্যাপি। তারা বলেন, ঝড়ের পর মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনুশীলন বন্ধ থাকায় খেলোয়াড়দের নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। নতুন এই নেট পাওয়ায় ছেলেরা আবার নিয়মিত মাঠে ফিরতে পারবে। এই দুঃসময়ে উপজেলা পরিষদ আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ইউএনও ফারাহা ফাতেহা তাকমিলা বলেন, খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনমুখী রাখতে আমরা সদা প্রস্তুত। ঝড়ে ক্ষতিগ্রস্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই উপজেলা পরিষদের পক্ষ থেকে এই অনুশীলন নেট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









