বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দলটির সঙ্গে এবারের আর্জেন্টিনার পার্থক্য চোখে পড়ার মতো। বিশেষ করে আগের মতো আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে না দলটির খেলায়।
এবারের বিশ্বকাপে তিনটি নকআউট ম্যাচেই কঠিন লড়াই করে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, বিশ্বকাপের এই পর্যায়ে সহজে জয় পাওয়া কঠিন।
স্কালোনি বলেন, ‘কষ্ট ছাড়া সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানো খুব কঠিন। এর জন্য প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে থাকতে হয়। আগের বিশ্বকাপেও আমরা এগিয়ে ছিলাম, তারপরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমরা এসবের সঙ্গে অভ্যস্ত। বিশ্বকাপের এই পর্যায়ে আসতে প্রতিকূলতা জয় করাটা খুব গুরুত্বপূর্ণ।’
এবারের বিশ্বকাপে এখনো অপরাজিত আর্জেন্টিনা। তবে নিজেদের সেরা ছন্দে ফিরতে চান স্কালোনি। তিনি বলেন, ‘আমাদের সেই ফুটবলে ফিরতে হবে, যেটা সবসময় আমাদের শক্তি ছিল। যারা এতদিন আমাদের সুন্দর ফুটবল খেলতে সাহায্য করেছে, আগামীকাল তাদেরই দেখতে চাই। বাকি বিষয়গুলো নিয়ে আমি আত্মবিশ্বাসী।’
এদিকে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ডও। ইংলিশ দলের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামকে প্রশংসায় ভাসিয়েছেন স্কালোনি।
তিনি বলেন, ‘এই ম্যাচটি আগের ম্যাচের চেয়ে ভিন্ন হবে। যেসব জায়গায় আমরা ভালো করতে পারিনি, সেগুলো উন্নত করার চেষ্টা করছি। আমরা ভালো অবস্থানে আছি এবং একটি দুর্দান্ত দলের মুখোমুখি হচ্ছি। বেলিংহ্যাম ও কেইনের মতো খেলোয়াড়কে যেকোনো কোচই দলে চাইবেন। আমরা নিজেদের শক্তি দিয়ে তাদের থামানোর চেষ্টা করব।’
অন্যদিকে, বিশ্বকাপ জয়ের দৌড়ে থাকা কোচদের মধ্যে থমাস টুখেলই একমাত্র বিদেশি কোচ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে নিজ দেশের বাইরে অন্য দেশের কোচ হয়ে কেউ শিরোপা জিততে পারেননি। তবে এই ইতিহাস নিয়ে ভাবছেন না টুখেল।
তিনি বলেন, ‘এটা নিয়ে আমি একেবারেই ভাবছি না। আমার মনোযোগ শুধু সেমিফাইনালের পরিকল্পনায়। আগামীকাল জিতলে ৬০ বছর পর বিশ্বকাপ ফাইনাল খেলবে ইংল্যান্ড, যা হবে বড় এক অর্জন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









