দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী "জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হল রুমে 'সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ'-এর উদ্যোগে দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনের অধিবেশন সম্পন্ন হয়। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে শুরু হওয়া এই কর্মশালায় সার্বিক সহায়তা করছে কোডি ইনস্টিটিউট এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তারা নারী ও সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সিসিডিবির এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশা প্রকাশ করেন আলোচকেরা।
অনুষ্ঠানে সিসিডিবির 'সমান আওয়াজ' প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, মনিটরিং অফিসার ইবনে আজম বাধন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি এবং যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মশালাটি আগামীকাল ১৬ জুলাই পর্যন্ত চলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









