সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
ত্রাণ বিতরণকালে বিজিবি পরিচালক বলেন,"বর্ডার গার্ড বাংলাদেশ শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন সময়ে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।"
তিনি এই মানবিক কার্যক্রমে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









