নীলফামারীর সৈয়দপুরে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)-এর ৬৪০তম পবিত্র উরস উপলক্ষে শহরের বিভিন্ন খানকাহ, দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে পবিত্র উরস-এ-মাখদুমী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে শহরের পুরাতন মুন্সিপাড়ায় অবস্থিত খানকাহ আলিয়া আশরাফীয়া জান্নাতুন নাঈম, মিস্ত্রিপাড়ার খানকাহ আশরাফীয়া হাসানিয়া সারকারে কাঁলা, কাজিপাড়ার খানকাহ আশরাফীয়া হাসানিয়া সারকারে কাঁলা আনোয়ারুল মাশায়েখ এবং গোলহাট এলাকার মাদ্রাসা ফায়জে রাসুল-সহ বিভিন্ন খানকাহ ও দরবারে পৃথকভাবে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত উরস মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন, জিকির-আজকার, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, সামা মাহফিল, ফাতেহা পাঠ, কিয়াম এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানজুড়ে ছিল গভীর আধ্যাত্মিক আবহ, যেখানে হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)-এর জীবনাদর্শ, ইসলাম প্রচারে তাঁর অবদান, মানবতা, ভালোবাসা, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা নিয়ে আলোচনা করেন বক্তারা।
উরস মাহফিলে সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী, পীর-মাশায়েখ, আলেম-উলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা একসঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি কামনা করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির জন্য দোয়া করেন।
বিভিন্ন খানকাহের অনুষ্ঠানে পৃথকভাবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, খলিফা ইসলাম, নাদিম আশরাফী, শামস চুন আশরাফী, শামসুদ্দিন সাম্মু আশরাফী, মাওলানা শাহজাদা হোসেন আশরাফী, শেখ কুতুব উদ্দিন, রানা আশরাফী, খালিদ আশরাফীসহ বিভিন্ন খানকাহ ও দরবারের পীর-মাশায়েখ এবং ধর্মীয় ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, হযরত সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)-এর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ইসলামের সুমহান আদর্শের পথে চলতে উদ্বুদ্ধ করে। তাঁরা সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সম্প্রীতি ও মানবসেবার চেতনা আরও সুদৃঢ় করার আহ্বান জানান। ফাতেহা পাঠ শেষে আগত ভক্ত-অনুরাগী ও মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, বন্যা ও দুর্যোগ থেকে মুক্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









