চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ছেংগারচর পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও ইউএনও মাহমুদা কুলসুম মনি আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের মোট প্রস্তাবিত বাজেটের আকার ৩১ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮০ টাকা। এর মধ্যে পৌরসভার রাজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, নকশা অনুমোদন ফি, খাট-বাজার ইজারা ও অন্যান্য সেবা খাত থেকে ৬ কোটি ১ লাখ ৯ হাজার ৪৮০ টাকা আয় এবং পূর্বের স্থিতি থেকে ২৩ লাখ টাকা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সম্মানী, অফিস পরিচালনা, যানবাহন ও প্রশাসনিক ব্যয়সহ বিভিন্ন খাতে ৩ কোটি ৬৬ লাখ টাকা এবং পূর্বের স্থিতি থেকে ২৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
বাজেটে উন্নয়ন খাতে ২৫ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি উন্নয়ন খাতের স্থিতি হিসেবে ২০ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









