ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়।’
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার সময় মানুষের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। খুন, গুম ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়ে ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে। এ অবস্থায় দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাধ্যমে দেশ পরিচালনা করা যায় না।’
ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি শান্তির প্রতীক। ৫৪ বছরে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। মা যেন সন্তান না হারান, দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়—দুর্নীতিমুক্ত ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটাই বাক্স আছে, সেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স।’
চরমোনাই পীর বলেন, ‘চব্বিশের গণ–অভ্যুত্থানের পর ভালো নেতৃত্ব ও নীতির মাধ্যমে দেশকে সোনার দেশে রূপান্তরের প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।’
জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াত নেতৃত্বাধীন জোটও অতীতে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল। তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না বলে নিজেরাই পরিষ্কার করেছে।’
জনসভায় সভাপতিত্ব করেন হাতপাখা প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ। বক্তব্য দেন ইসলামী আলোচক হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









