নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্বপ্ন আর নতুন প্রত্যাশায় মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়।
বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ পৃথকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং নবীনরা অংশ নেন। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে বরণ করে নেওয়া হয়।
ওরিয়েন্টেশন উপলক্ষে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উপাচার্য বলেন, কঠিন প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে। এই অর্জনকে কাজে লাগিয়ে তাদের জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করতে হবে, যাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত হয়। একই সঙ্গে ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
ড. মামুন অর রশিদ বলেন, সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ একটি বড় দায়িত্বেরও নাম। তাই অর্জিত জ্ঞান কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমাজ, রাষ্ট্র এবং মানবকল্যাণে কাজে লাগাতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
ওরিয়েন্টেশন শেষে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন একাডেমিক ভবন, শ্রেণিকক্ষ ও উন্মুক্ত প্রাঙ্গণে নবীনদের উচ্ছ্বাস, পরিচিতি পর্ব এবং শিক্ষকদের সঙ্গে প্রথম দিনের আন্তরিক আলাপচারিতায় দিনভর উৎসবের আবহ বিরাজ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞানচর্চা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং মানবিক মূল্যবোধের বিকাশে বরিশাল বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে এবং আগামী দিনে দেশ গঠনে দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









