রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার আলুবাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সৈয়দপুরের আহতদের খোঁজখবর নিতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে তিনি তাদের দেখতে যান।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই এমপি আব্দুল মুনতাকিম রাতেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এমপি আব্দুল মুনতাকিম বলেন, ‘‘দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। সৈয়দপুরের যেসব মানুষ এ দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।’’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পুরান ঢাকার আলুবাজারের ‘আরমান সেলুন’-এ এসি বিস্ফোরণের ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন দগ্ধ হন। আহতদের মধ্যে চারজনই সৈয়দপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে পাপ্পুর বাড়ি সৈয়দপুর নতুন বাবুপাড়া দুর্গামিল ক্যাম্পে এবং সামশেদ ও আরমানের বাড়ি সৈয়দপুরের কুলি মহল্লায়। অপর একজনও সৈয়দপুরের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









