পাবনায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলি ও সহিংসতার ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন এবং কয়েকজন প্রাণ হারান। তাদের মধ্যে রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে গভীর আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মাত্রা লাভ করে।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









