নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক স্মরণসভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)।
অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন ডেপুটি লাইব্রেরিয়ান মো. সাইফুল আলম মিলন এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল ইসলাম।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ, আহতদের অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, ‘‘জুলাইয়ের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আদর্শ ও ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’
এর আগে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচি গভীর শ্রদ্ধা, দেশপ্রেম ও জাতীয় চেতনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









