পাবনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মণ্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার ছুফি উল্লাহ এই তথ্য নিশ্চিত করে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় দক্ষিণ রামচন্দ্রপুর চর মণ্ডলপাড়া গ্রামের একটি চা ও মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তা থেকে সন্দেহভাজন মো. রাতুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাঁধে ঝোলানো কালো রঙের একটি সাইড ব্যাগ তল্লাশি করে দুইটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড ৭.৬৫ মি.মি. তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি পিস্তলে ‘MADE IN USA’ এবং ‘7.65’ খোদাই করা ছিল বলে জানিয়েছে পুলিশ।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাতুল পুলিশকে জানান, পলাতক কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভোজের আয়োজনের জন্য স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের পরিকল্পনা করেছিলেন। এ সময় এক মুদি দোকানদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে ওই দোকানদারকে লক্ষ্য করে হামলার উদ্দেশ্যে সহযোগীরা অস্ত্রগুলো রাতুলের কাছে রেখে যায় বলে তিনি দাবি করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও রাতুলকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত রাতুল ইসলাম পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি কালো সাইড ব্যাগ এবং একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, “উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









