গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ঘোষিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় পিরোজপুর নেছারাবাদ উপজেলা এনসিপি’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মো. বাকী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান খান, নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. নাসিমুদ্দুল্লাহ হিরু, যুগ্ম সদস্য সচিব মো. চান মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নেতারা জানান, আগামী ১৯ জুলাই (রবিবার) নেছারাবাদে জুলাই পদযাত্রা কর্মসূচিতে ছাত্রনেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে নেছারাবাদবাসীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং সফরের সার্বিক রোডম্যাপ ও প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
এনসিপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মো. বাকী বিল্লাহ বলেন, ‘‘গণভোট বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে জনগণকে সম্পৃক্ত করাই জুলাই পদযাত্রার মূল উদ্দেশ্য। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। আগামী ১৯ জুলাইয়ের কর্মসূচি সফল করতে নেছারাবাদবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’’
নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান বলেন, ‘‘জুলাই পদযাত্রা জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার একটি গণমুখী কর্মসূচি। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি নেছারাবাদের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেবেন এবং সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠভাবে বিষয়টি জনগণের সামনে তুলে ধরবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









