চট্টগ্রামের মীরসরাইয়ে চুরির অভিযোগে আটক রেজাউল করিম (৩৫) নামে এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার রেজাউল করিমের বিরুদ্ধে মোবাইলফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়।
এ সময় তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে চুরি বা অন্যকোনো অপরাধে জড়াবেন না এমন অঙ্গীকার নেওয়া হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, ‘‘দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। শাস্তির উদ্দেশ্য ছিল তাকে সংশোধনের সুযোগ দেওয়া। তাই তার কাছ থেকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।’’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘‘ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের জানায়নি। আমি বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









