কিশোরগঞ্জের করিমগঞ্জে আইরিন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মায়ের দাবি, আইরিনকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী মাহবুব আলম জানান, তিনি স্থানীয় মুদি দোকানদার। প্রতিদিনের মতো সকালে দোকানে ছিলেন। পরে নাস্তা করতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী রান্না করছিলেন। তাদের গাভীটিকে মাঠে ঘাস খাওয়াতে না নেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তিনি ঘরের বারান্দার একটি কক্ষে গিয়ে দেখেন, আইরিন ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। তাদের সংসারে এক ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে বলেও তিনি জানান।
নিহত আইরিনের ছোট জা জানান, গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরির সময় মাহবুব আলমের সঙ্গে আইরিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত। মাহবুব আলমের এটি দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর সঙ্গেও পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এবং এ নিয়ে মামলাও হয়েছিল।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শোয়েব খান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









