উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে কোনো নদ নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার বন্যা পরিস্থিতি–সংক্রান্ত তথ্যে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সুত্রে এ তথ্য জানিয়েছে।
পাউবোর দেয়া তথ্য অনুযায়ী, জেলার ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪৮ মিটার। এই পয়েন্টে এখনো বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৩২ মিটার। এই পয়েন্টে এখনো বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শক্তিয়ারখলা–লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির ৭ দশমিক ২৪ মিটার রেকর্ড করা হয়েছে। এই নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে। একই সময়ে দিরাই উপজেলার কালনী নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে রয়েছে।
অন্যদিকে জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে কালনী নদীর পানি ৬ দশমিক ৫১ মিটার এবং ৬ দশমিক ৪৪ মিটার রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ছাতক উপজেলায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া লাউরেরগড়ে ৫৮ মিলিমিটার, সুনামগঞ্জ সদরে ৫২ মিলিমিটার এবং দিরাইয়ে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী (পওর-২) এমদাদুল হক জানিয়েছেন, ভারতের উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক দিন নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









