কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মুগ্ধ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) আদালতের নির্দেশে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মুগ্ধ দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রাফিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে একটি নির্জন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মুগ্ধ তার এক বন্ধুর সহায়তায় ওই মানসিক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পরিবার বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মুগ্ধকে গ্রেপ্তার করে। রবিবার সকালে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘‘মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









