বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষক (উপসচিব) পল্লব কুমার হাজরা বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতাধীন ১৪টি চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন।
রবিবার (১৯ জুলাই) আইএমইডির পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান ১৪টি প্রকল্প পরিদর্শনকালে অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় উপকারভোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নির্মাণমান, জনসেবায় প্রকল্পগুলোর সম্ভাব্য প্রভাব এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, সাংবাদিক অলিউল্লাহ ইমরানসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন এলাকায় সড়ক, সেতু-কালভার্ট ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









