রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতা-কর্মী। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগের এসব নেতারা দাবি করে জানিয়েছেন, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের নির্বাচনি প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিএনপির একাংশের নেতা-কর্মীরা জানিয়েছেন, মাদারীপুর-১ আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন।

উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন।

উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলব, সবার আগে শিবচর। আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা–আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না। কে কোন দল করল সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো, আমরা সবাই মানুষ।’ 

তিনি আরও বলেন, ‘আগামীতে কারও নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না। নির্বাচনের পর আপনাদের (আওয়ামী লীগ নেতাদের) কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।’

জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানবলেন, ‘তারা (আওয়ামী লীগ নেতারা) বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে এসেছেন। এখানে কোনো দলকে পুনর্বাসন করা হয়নি।’

পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।

এছাড়াও, সভায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহসিন উদ্দিন, বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাঁশকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বায়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাজী আতিকুর মাদবর, পৌরসভার সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.