গাজীপুর মহানগরে নিজ অর্থায়নে পানিতে ডুবে থাকা সড়কের ওপর অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ দৃষ্টান্ত স্থাপন করেছেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।
সোমবার (২০ জুলাই) মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেটের সামনের সাঁকোটি সাধারণ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
জানা যায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেট থেকে মারুকা সংযোগ সড়কের প্রায় ৫৫০ ফুট অংশ পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, কর্মজীবী, নারী ও বৃদ্ধসহ স্থানীয় যাতায়াতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
নিজ অর্থায়নে স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে পানিতে ডুবে থাকা সড়কের ওপর অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করেন জাকির হোসেন সরকার।
স্থানীয়রা জানান, সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে বাঁশের সাঁকো নির্মাণ হওয়ায় আপাতত নিরাপদে চলাচল করা সম্ভব হচ্ছে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
জাকির হোসেন সরকার বলেন, “এটি আমার রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সামান্য সহযোগিতা করেছি। স্থায়ীভাবে সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”
এলাকাবাসীর প্রত্যাশা, সাময়িকভাবে বাঁশের সাঁকো তাদের দুর্ভোগ কিছুটা কমালেও দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









