নওগাঁর সাপাহারে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার, ফলদ ও বনজ গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে আধুনিক উপায়ে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি বলেন,"স্বনির্ভর বাংলাদেশ গড়তে মৎস্য চাষ যুগান্তকারী ভূমিকা রাখে।আবার পরিবেশের ভারসাম্য রাখতে বেশী বেশী বৃক্ষরোপন প্রয়োজন।"
ইউএনও রোমানা রিয়াজ বলেন,"প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষীরা বেকারমুক্ত জাতি গঠনে অগ্রনী ভুমিকা পালন করে।"
প্রধান অতিথির বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী চাষীদের হাতে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শাকসবজির বীজ তুলে দেন। এছাড়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট চাষীদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় মানসম্মত মাছের পোনা পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









