টানা বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের ও ভারতের উজানের ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যে বিভাগের দুটি নদীর তিনটি স্টেশনে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি কিংবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত এক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পাঁচটি পয়েন্ট পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভাছড়া ও ধলা নদীর পানি কোথাও বাড়ছে আবার কোথাও সামান্য কমছে। তবে নদ-নদীর সবকটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে তথ্য অনুসারে আজ সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। অর্থাৎ, সিলেট বিভাগের প্রধান দুটি নদীর তিনটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্রেই পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ এলাকার পাশাপাশি ভারতের উজানেও উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে ভারতের মেঘালয়ের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদ-নদীতে পাহাড়ি ঢলের চাপ তীব্র হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে সিলেট বিভাগের নদীগুলোতে, যার ফলে দ্রুত বাড়ছে পানির স্তর।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কিংবা কোনো কোনো এলাকায় বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি ঘটার প্রবল আশঙ্কা রয়েছে।
একই সাথে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) ৩৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









