সাজেক সড়কে চলমান অবরোধের কারণে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হলেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জারুলছড়ি এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটা থেকে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে জারুলছড়ি এলাকার নতুন দোকানে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় দুস্থ ও সাধারণ বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজের সার্বিক উপস্থিতিতে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এই মানবিক কার্যক্রমে এলাকার পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষসহ প্রায় ৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জারুলছড়ি এলাকায় সেনাবাহিনীর এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজেক সড়কে অবরোধের কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ায় দুর্গম এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে তীব্র ভোগান্তি তৈরি হয়েছিল। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
বাঘাইহাট জোন সূত্রে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সার্বিক জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









