পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি অবৈধ গাঁজাসহ শুভ সাচকী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. অলিউর রহমান অলি (৪৯) নামের এক সহযোগী পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত শুভ সাচকী চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় এবং মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. জাফরুল হাসানের নেতৃত্বে একটি টিম চালিতাবুনিয়া এলাকার শুভ সাচকীর বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে রাখা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে তিনটি পোটলায় মোট চার কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মঠবাড়িয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









