নাটোরের লালপুরে সরকারি নিয়মবহির্ভূতভাবে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর ইউনিয়নের অনুমোদিত সার ডিলার ‘ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক ওয়াহিদুল ইসলাম খোকন তাঁর নির্ধারিত এলাকার বাইরে ঈশ্বরদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেছিলেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে গাড়িটি আটক করে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং সার বিক্রিতে অনিয়ম প্রমাণিত হওয়ায় ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ধরনের অনিয়ম রোধে সার বিক্রির কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









