গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার এক সন্দেহভাজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের গারদখানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানার একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে সম্রাট (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারিক কার্যক্রমের জন্য তাকে গাজীপুর জেলা আদালতে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণের গারদখানায় পৌঁছানোর পর হস্তান্তরের একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।
পালিয়ে যাওয়া সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডল ও লাইলী বেগমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।
ঘটনার পরপরই আদালত ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ২টার দিকে গাজীপুর আদালতের গারদখানার সামনে হস্তান্তরের সময় সম্রাট নামে ওই সন্দেহভাজন আসামি পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









