মৌলভীবাজারে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হলদে পাখি কার্নিভাল’।
মঙ্গলবার (২১ জুলাই) শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল কার্নিভালে অংশগ্রহণকারী হলদে পাখিদের বিভিন্ন ঝাঁক পরিদর্শন করেন এবং তাদের প্রদর্শিত নানাবিধ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি অংশগ্রহণকারী শিশুদের উৎসাহ প্রদান করতে তাদের ব্যাজ পরিয়ে দেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা হয়। এতে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক হলদে পাখি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সেবামূলক মানসিকতা বিকাশে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উদ্দীপনায় পুরো কার্নিভাল চত্বর এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









