সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাটালিয়নের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্থানীয় গবাদিপশুরও চিকিৎসাসেবা দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে সীমান্তবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে আগত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় গবাদিপশুরও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, উপ-অধিনায়ক, অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









