আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা নিয়ে নতুন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি ও দ্বৈত নাগরিকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
ইসি সচিব আরও জানান, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করার বিষয়ে কমিশন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনা করে কিছু সংশোধনের প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে নির্বাচনী আচরণবিধি সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।
আখতার আহমেদ জানান, প্রস্তাবিত সংশোধনীগুলো শিগগিরই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
নির্বাচন কমিশনের এসব প্রস্তাব কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত হবে। তবে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের পরই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









