পুলিশের ১৪ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৪ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৬ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের এসপি আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া সিআইডির এসপি মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে ঢাকা এন্টি টেররিজম ইউনিটের এসপি শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে এবং ঢাকা এন্টি টেররিজম ইউনিটের এসপি আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মিয়া মাসুদ করিমের আগে জারি করা বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









